বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতাবাদী দর্শন, স্বাধীনতার চেতনা ও কালজয়ী সৃষ্টিকর্ম বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘Kazi Nazrul Islam: The Universal Voice of Humanity and Freedom’ শীর্ষক সেমিনার।
রোববার (১১ অক্টোবর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। তাঁদের বক্তব্যে নজরুলের সৃষ্টিকর্মের গভীর তাৎপর্য এবং সমকালীন বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন। আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক আবদুল হাই শিকদার।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাহিত্যিক, নজরুল গবেষক, শিল্পী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা অংশ নেন। তাঁরা নজরুলের সাহিত্য ও সংগীতের বিশ্বজনীন আবেদন, মানবতাবাদী দর্শন এবং কালজয়ী সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সেমিনারে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় সত্তা বিনির্মাণে নজরুলের অবদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সৃষ্টিকর্মের পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক উপস্থিতি জোরদার করতে সাংস্কৃতিক কূটনীতির ভূমিকা তুলে ধরা হয়।
সেমিনার শেষে নজরুলের সমৃদ্ধ সৃষ্টিকর্মের অনুপ্রেরণায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে আয়োজিত এ সেমিনারের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নজরুলের সৃষ্টিকর্মে প্রতিফলিত স্বাধীনতা, মানবতা ও অন্তর্ভুক্তির চিরন্তন মূল্যবোধ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন