সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পাচ্ছেন দেশের ১৫ জন তরুণ-তরুণী। পাশাপাশি নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে দেওয়া হচ্ছে ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান।
আগামী ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, জাতি গঠনে তরুণ সমাজ দেশের প্রধান চালিকাশক্তি। যুবদের উদ্যম, সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের অধীনে স্থায়ীভাবে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। একই সঙ্গে যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিবন্ধিত যুব সংগঠনগুলোকে প্রতিবছর প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হচ্ছে।
তিনি জানান, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি ক্যাটাগরিতে নির্বাচিত ১৫ জন তরুণ-তরুণীকে পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক পুরস্কারপ্রাপ্তকে এক লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনের জন্য মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে এক লাখ টাকা, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ৭৫ হাজার টাকা। বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত ২০টি যুব সংগঠন পাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান।
প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ এবং যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও অনুদানপ্রাপ্ত সংগঠন নির্বাচন করা হয়েছে।
তিনি আরও জানান, মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব জেলা প্রশাসক যুক্ত থাকবেন। কেন্দ্রীয় অনুষ্ঠানে চেক হস্তান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাকি ৪২৯টি সংগঠনকে চেক দেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর চেক বিতরণ কার্যক্রমের পরপরই অনুদানের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন