শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগরে ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া পূজামণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা পুলিশি উপস্থিতি, সিসি ক্যামেরায় নজরদারি ও গুরুত্বপূর্ণ মণ্ডপের প্রবেশপথে আর্চওয়ে স্থাপনসহ নেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
ডিএমপি কমিশনার বলেন, এ বছর ঢাকা মহানগরে ২৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের গুরুত্ব, দর্শনার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপের প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে, যাতে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম আরও কার্যকর করা যায়। নিয়মিত দায়িত্বের অতিরিক্ত হিসেবে ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
পূজামণ্ডপের আশপাশে নিয়মিত টহল, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সোয়াট, বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে।
বিসর্জনে বিশেষ নিরাপত্তা
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে শেষ হবে। শোভাযাত্রার পথ ও জনসমাগম বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে শোভাযাত্রা নির্বিঘ্ন রাখা এবং যানবাহন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।
গুজব ঠেকাতে সাইবার নজরদারি
দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুলতথ্য ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে ডিএমপির সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানান কমিশনার।
কোনো সন্দেহজনক ঘটনা বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য নজরে এলে দ্রুত নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি, মন্দির পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক ও নগরবাসীর সহযোগিতা জরুরি। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তাবিধি মেনে চলার পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
নিরাপত্তাব্যবস্থা ও সবার সম্মিলিত সহযোগিতায় রাজধানীতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, মোহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন