Advertisement
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ছয় দফা দাবিতে শেরপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

ছয় দফা দাবিতে শেরপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
News Banner

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শেরপুরের উদ্যোগে সদর উপজেলার ইসলামী ব্যাংকের শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাওলানা নুরুল আমীন। এতে বিশেষ অতিথি ছিলেন ডা. হাসানুজ্জামান। এ ছাড়া প্রভাষক জাহিদ আনোয়ার, মতিন, আব্দুল সোবহানসহ ফোরামের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা অংশ নেন।

কর্মসূচি থেকে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি জানায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

ফোরামের দাবিগুলো হলো-
১. ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জহির হোসেনকে অবিলম্বে পদত্যাগ বা অপসারণ করতে হবে।

২. ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং খাতে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

৩. ফোরামের দাবি অনুযায়ী, এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের প্রকৃত মালিকানা মূল উদ্যোক্তা ও বৈধ মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।

৪. ব্যাংকের পরিচালনা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি না দিয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন করতে হবে।

৫. ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে।

৬. ব্যাংক লুটের অভিযোগের বিচার, পাচারকৃত অর্থ উদ্ধারের উদ্যোগ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

বিক্ষোভকারীরা বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তারা ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 21 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 155 টি

মন্তব্য করুন