কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
এ সময় ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিয়ারচর গ্রামের কিসমত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পাশে একটি সুপারি বাগান থেকে প্রায় ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির ওজন আনুমানিক ৫ কেজি বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা গাঁজা গাছটি জব্দ করে ভূরুঙ্গামারী থানায় নেওয়া হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, উদ্ধার করা গাঁজা গাছটির ওজন প্রায় ৫ কেজি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইউএনও অমৃত দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পরে গাঁজা গাছটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
মন্তব্য করুন