ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে কাজী সাঈম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তার মাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাঁচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাজী সাঈম উপজেলার গরুগ্রাম গ্রামের কাজী নূর মোহাম্মদের ছেলে। তিনি আমতলা আইবিএম কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, একই ইউনিয়নের পাঁচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ে ও এসএসসি পরীক্ষার্থী নূপুর আক্তারের সঙ্গে সাঈমের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে এলাকায় আলোচনা ছিল। নূপুর ও তার মা সালমা আক্তার বাড়ির পাশেই চা বিক্রি করতেন।
নূপুরের মা সালমা আক্তার জানান, বুধবার দুপুরে তিনি ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সাঈমকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীর মা ও মেয়েকে আটক করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
মন্তব্য করুন