রাজধানীর বংশাল থেকে নিখোঁজের প্রায় এক বছর পর এক কিশোরীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ওই কিশোরী। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে পরদিন ১৭ সেপ্টেম্বর কিশোরীর বাবা মো. জিন্নাত বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তদন্ত শুরু করে বংশাল থানা পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে ডিএমপির শাহ আলী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে বংশাল থানা পুলিশ।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কিশোরীকে উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান পরিচালনা করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন