ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও একটি আইফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের শুল্ককরাদিসহ আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
সোমবার (১২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আটক পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।
ঢাকায় স্বর্ণালঙ্কার ও আইফোন আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বি-শিফটের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি জোরদার করেন। এ সময় কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-0316 ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তা পরীক্ষা করা হয়।
পরীক্ষায় তাঁর কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স আটক করা হয়। এসব পণ্যের শুল্ককরাদিসহ আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।
চট্টগ্রামে জুতার ভেতরে লুকানো স্বর্ণ উদ্ধার
অন্যদিকে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রিন চ্যানেলে নজরদারির সময় দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটে আসা যাত্রী তানবীর হাসান রিফাতকে জিজ্ঞাসাবাদ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর জুতার ভেতরে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।
একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের আরেকটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্টে ২০২৬ সালে আগে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্যও লিপিবদ্ধ রয়েছে।
চট্টগ্রামের এ অভিযানে মোট ৪৩৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়। শুল্ককরাদিসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।
এক সপ্তাহে চট্টগ্রামে ৯০২ গ্রাম স্বর্ণ আটক
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন যাত্রীর কাছ থেকে মোট ৯০২ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। এর মধ্যে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার রয়েছে। এসব স্বর্ণ ডিএম মূলে আটক করা হয়েছে।
অধিদপ্তরের মতে, আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ ও উচ্চমূল্যের পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিভিত্তিক যাত্রী শনাক্তকরণ এবং তাৎক্ষণিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাজস্ব সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরগুলোতে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মন্তব্য করুন