ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এতে এখনো সম্মতি দেননি ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এপেক সম্মেলনের সময় বৈঠকটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য এ আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধের সরাসরি পক্ষ ইউক্রেন এবং এ সংঘাতের প্রভাব মোকাবিলা করা ইউরোপীয় দেশগুলোর নেতারা আলোচনার বাইরে থাকলে শান্তি প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে বৈঠকের আলোচ্যসূচি কিংবা এটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন তিনি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এ বৈঠকের প্রস্তাব দেন। রাশিয়ার সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই ফোনালাপে রাশিয়ার ডিজেল জ্বালানি কেনা এবং আন্তর্জাতিক বাজারে তা বিক্রির সুযোগ করে দেওয়ার বিষয়েও একটি সমঝোতা হয়েছিল।
এদিকে গত মাসে ট্রাম্প স্বাক্ষরিত একটি দ্বিদলীয় বিলের আওতায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন স্থগিত রেখেছে ওয়াশিংটন। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতাদের অনেকে। তাঁদের মধ্যে ট্রাম্পের নিজ দলের ঘনিষ্ঠ মিত্ররাও রয়েছেন।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, জ্বালানির দাম কমানোর কার্যকর বিকল্প সীমিত থাকায় ট্রাম্প এসব সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স
মন্তব্য করুন