Advertisement
শনিবার, 28 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

মালয়েশিয়ায় বিনা খরচে গেলেন ১০৩ বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় বিনা খরচে গেলেন ১০৩ বাংলাদেশি কর্মী
News Banner

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন। তাঁদের সবাই সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) তাঁরা মালয়েশিয়ায় পৌঁছান। দেশটির DHL Supply Chain Malaysia-তে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় হাইকমিশন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নতুন কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার তাঁদের কর্মক্ষেত্রে মনোযোগী হওয়ার পাশাপাশি মালয়েশিয়ার আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তাঁদের কর্মজীবনের সাফল্য ও নিরাপত্তা কামনা করেন।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর বোয়েসেলের মাধ্যমে নতুন করে কর্মী পাঠানোর এই উদ্যোগকে বাংলাদেশের শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের এই সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্বচ্ছ ও ব্যয়হীন নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় থাকলে আরও বেশি বাংলাদেশি কর্মী নিরাপদে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 652 টি

মন্তব্য করুন