Advertisement
বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীতে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

ঝিনাইগাতীতে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি
News Banner

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অবস্থিত রাজনগর ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তাঁদের পৌঁছানোর আগেই অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়দের দাবি, ভূমি অফিসের পেছনের দিকের থাই জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ও পোড়া মবিল ঢেলে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব নথির বিকল্প কীভাবে পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে সংগ্রহ করবেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 7 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 183 টি

মন্তব্য করুন