বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন শেরপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের শেরপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত ২২ নভেম্বর ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির খানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে সম্প্রতি ফেডারেশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ূন কবির খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।একই সভায় মো. শওকত হোসেনকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত করা হয়।
শওকত হোসেনের এ অর্জনে শেরপুরের পরিবহন শ্রমিকদের মধ্যে আনন্দ ও আশাবাদের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় পর্যায়ে তাঁর এ দায়িত্বপ্রাপ্তি শেরপুরের পরিবহন শ্রমিকদের দাবি-দাওয়া ও অধিকার আদায়ের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার নতুন সুযোগ তৈরি করবে।
নতুন দায়িত্বের মধ্য দিয়ে শওকত হোসেন পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা, শ্রমিককল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয় শ্রমিক নেতাকর্মীদের। একই সঙ্গে তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা শেরপুরের পরিবহন শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন