নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের ইউএনওর কক্ষসহ কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, আগুনের ঘটনায় কোনো নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউএনও অলিদুজ্জামান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন