Advertisement
বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

জাপানে রোবট গেমসে ২ স্বর্ণসহ বাংলাদেশের ১১ পুরস্কার

জাপানে রোবট গেমসে ২ স্বর্ণসহ বাংলাদেশের ১১ পুরস্কার
News Banner

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট গেমস (ডব্লিউআরজি) ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় দুটি স্বর্ণ, দুটি রৌপ্য, তিনটি ব্রোঞ্জ ও চারটি কপারসহ মোট ১১টি পুরস্কার জিতেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

১৬ থেকে ১৯ নভেম্বর জাপানের চিবা পোর্ট অ্যারেনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ২০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেন। ৪৫ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিল ওয়ার্ল্ড রোবট গেমসের বাংলাদেশি অফিসিয়াল কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ প্রতিষ্ঠান টেক অটোক্র্যাটস।

প্রতিযোগিতার ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে শায়েরী ফাইরোজ (টিম রূপকথা) ও উসমান আহমেদ রেজা স্বর্ণপদক অর্জন করেন। একই বিভাগে কিঞ্জল নাগ দিব্য রৌপ্যপদক পান। লাইন ফলোয়িং রোবট সিনিয়র বিভাগে রৌপ্যপদক অর্জন করেন মুশফিকুল ইসলাম।

ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছেন মোহাম্মদ জাওয়াদ খান এবং টিম তারারবাড়ির সদস্য মুহাম্মদ মুনতাসির রহমান, কায়সান আরিজ ভূঁইয়া জায়ান, মেহমিত ইসলাম জারাফ ও ফারহান জাহিন আলভি। ইনোভেটিভ রোবট সিনিয়র বিভাগে ব্রোঞ্জপদক অর্জন করেছে বাংলাদেশের টিম C.A.R.E.। দলটির সদস্য দেবজিৎ সাহা জিৎ ও পার্থিব বিশ্বাস।

এ ছাড়া ইনোভেটিভ রোবট সিনিয়র বিভাগে মো. মাহিয়ান ইসলাম ও মো. হামজা হোসেন ফিহাম কপারপদক অর্জন করেন। একই দুই শিক্ষার্থী ইনক্রেডিবল মেশিন বিভাগেও কপারপদক জেতেন। ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে ওলি আরহাম খান রাদিত ও ওলি আবসার খান অহি এবং লাইন ফলোয়িং রোবট জুনিয়র বিভাগে আবদুল্লাহ আল ইস্তিয়াক আলভী কপারপদক অর্জন করেন।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডব্লিউআরজির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রুবাইয়াত এইচ রহমান। দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন তাপশ সাহা, উম্মে হানি, আন নাফিউ, হাসিন ইসরাক চৌধুরী তাহা ও মো. তানভীর রহমান সাদ।

জানা গেছে, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ২৫ শিক্ষার্থী গত ২৫ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে টেক অটোক্র্যাটসের আয়োজনে অনুষ্ঠিত প্রথম ডব্লিউআরজি বাংলাদেশ জাতীয় পর্বের মাধ্যমে নির্বাচিত হন। চারটি বিভাগে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অংশ নেন ৩০০-এর বেশি প্রতিযোগী। পরে আন্তর্জাতিক দল নির্বাচন ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়।

এ বছরের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘RoboBuild: Engineering Sustainable Cities’। এতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ রোবটিক্স উদ্ভাবকেরা নিজেদের উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা ও প্রকৌশল সক্ষমতা তুলে ধরেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্য দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তি ও রোবটিক্স চর্চায় আগ্রহ এবং সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 7 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 651 টি

মন্তব্য করুন