প্রথমবারের মতো কন্যাসন্তানের মা হয়েছেন সাবেক লাক্স সুন্দরী ও অভিনেত্রী নাফিজা জাহান। যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে তাঁর প্রথম সন্তান। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর জানান নাফিজা ও তাঁর স্বামী রাজীব হাসান।
রাজীব হাসান ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা নাফিজার একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, দীর্ঘ অপেক্ষার পর তাঁদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান এসেছে। এই অমূল্য নিয়ামতের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নবজাতক ও তার মায়ের সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের জন্য সবার কাছে দোয়া চান রাজীব।
অন্যদিকে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেয়ের হাতের ছবি প্রকাশ করেছেন নাফিজা। কন্যাসন্তানকে নিজের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি। এ সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নাফিজা। গত সেপ্টেম্বর মাসে তাঁর মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বেবি শাওয়ার অনুষ্ঠানের ছবিও ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে নাফিজার স্বামী রাজীব হাসানের পাশাপাশি উপস্থিত ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ ও চিত্রনায়ক কাজী মারুফ।
২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নাফিজা। ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
ক্যারিয়ারের জনপ্রিয়তার মধ্যেই ২০১৩ সালের দিকে দেশ ছাড়েন এই অভিনেত্রী। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীর সঙ্গে সংসার শুরু করলেও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। এবার তাঁদের সংসারে কন্যাসন্তানের আগমনে জীবনের নতুন অধ্যায় শুরু হলো।
মন্তব্য করুন