Advertisement
রবিবার, 04 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

আবারও শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

আবারও শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
News Banner

দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপির মতো কঠিন চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।

শনিবার দীর্ঘ নয় মাস পর ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তানিয়া বৃষ্টি। এ সময় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে অস্ত্রোপচারের কারণে তাঁর ওজন বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে।

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় ঠিকমতো কথা বলতেও পারেননি এই অভিনেত্রী। এরপর দেশে ফিরে বাসায় থেকেই চিকিৎসা চালিয়ে যান। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি নিয়মিত কেমোথেরাপিও নিচ্ছেন তিনি।

ফেসবুক লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তানিয়া জানান, ছয় মাসের চিকিৎসার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে। চিকিৎসা চললেও অভিনয়ে ফেরার বিষয়ে আশাবাদী তিনি। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তাও চলছে।

অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে তানিয়া বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার এই ইচ্ছার পেছনে দর্শকদের ভালোবাসা ও নিজের কাজের প্রতি গভীর টান রয়েছে বলে জানান তিনি। কঠিন অসুস্থতার সময় অভিনয় থেকে দূরে থাকলেও কাজের প্রতি ভালোবাসা একটুও কমেনি তাঁর।

তানিয়া বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’

বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনেই দিন কাটছে এই অভিনেত্রীর। বেশির ভাগ সময় কাটে পোষা বিড়ালগুলোর সঙ্গে। কোথাও বাইরে গেলেও সঙ্গী হয় তারা। দীর্ঘ চিকিৎসার কঠিন সময়ে পোষা প্রাণীগুলো তাঁকে মানসিকভাবে ভালো থাকতে সহায়তা করেছে।

এদিকে অসুস্থতার পুরো সময়জুড়ে পাশে থাকা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তানিয়া। তাঁর সুস্থতা কামনায় নিয়মিত দোয়া এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা দর্শকদের ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করেছে।

লাইভের শেষ দিকে ভক্তদের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’

দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসার কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি। তাঁর প্রত্যাবর্তনের খবরে আশাবাদী ভক্তরাও।

এই সংবাদটি পঠিত হয়েছে: 45 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 305 টি

মন্তব্য করুন