বলিউডের বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানকে আবারও একসঙ্গে পর্দায় দেখার জল্পনা শুরু হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন সিনেমা ‘কিং’-এ বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে কারিনাকে। ছবিটির একটি বিশেষ গানেও শাহরুখের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা।
ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসতে পারেন শাহরুখ ও কারিনা। সিনেমাটির একটি বিশেষ গানে তাঁদের অংশ নেওয়ার আলোচনা চলছে। এ বিষয়ে কারিনার টিমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
গুঞ্জন রয়েছে, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং হতে পারে। শুধু তাই নয়, আন্তর্জাতিক পপ তারকা এড শিরানকেও গানটিতে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। তবে এসব তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ শিরোনামের গানটি ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, গানটিকে সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তবে গানটির চূড়ান্ত পরিকল্পনা কিংবা এতে কারা অংশ নিচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এর আগে ‘কভি খুশি কভি গম’ ও ‘ডন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও কারিনা। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের কাছে বেশ পরিচিত। ফলে দীর্ঘ বিরতির পর এই জুটিকে আবারও একসঙ্গে দেখা গেলে তা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ‘কিং’ সিনেমায় শাহরুখ ও কারিনা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়েলের মতো তারকারা।
তবে কারিনার সম্ভাব্য উপস্থিতি, এড শিরানের অংশগ্রহণ এবং গানটির শুটিং নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
মন্তব্য করুন