ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি দুই সন্তানকে নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করেছেন। জমকালো আয়োজনের বদলে সন্তানদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন তিনি।
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে জন্মদিন উদযাপনের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। ভিডিওতে লাল রঙের খোলা গাউনে কেক কাটতে দেখা যায় তাঁকে। এ সময় তাঁর দুই সন্তান ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়মও পাশে ছিল।
ভিডিওতে দেখা যায়, কেকের ওপর মোমবাতি জ্বালানো। কেক কাটার সময় দুই সন্তান মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয়। সন্তানদের সঙ্গে হাসিমুখে জন্মদিনের মুহূর্ত উপভোগ করেন এই অভিনেত্রী।
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমণির জীবনে দুই সন্তান পূণ্য ও প্রিয়মের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে। এবারের জন্মদিনেও সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো উঠে এসেছে তাঁর প্রকাশ করা ভিডিওতে।
এর আগে দেশ-বিদেশে বিভিন্ন সময়ে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে আলোচনায় এসেছেন পরীমণি। তবে এবার ঘরোয়া আয়োজনে দুই সন্তানকে পাশে নিয়েই জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
মন্তব্য করুন