বিশ্বখ্যাত ফরাসি চিত্রশিল্পী ক্লদ মোনের আঁকা ‘আইরিস’ চিত্রকর্মটি নিলামে বিক্রি হয়েছে ৫ কোটি ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬৫৭ কোটি টাকা। টানা ৬৫ মিনিটের দরদামের পর এশিয়ার এক সংগ্রাহক ছবিটি কিনে নেন। এর মধ্য দিয়ে ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড গড়েছে এটি।
বৃহস্পতিবার রাতে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’সের আয়োজনে চিত্রকর্মটি বিক্রি হয়। ছবিটি কিনতে ছয়জন ক্রেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। প্রথম ৪৫ মিনিট ধরে দরদামের পর শেষ দুই ক্রেতার মধ্যে আরও ২০ মিনিট চলে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত টেলিফোনে দর হাঁকিয়ে ছবিটি কিনে নেন এশিয়ার এক সংগ্রাহক।
মোনের জীবনের শেষ পর্যায়ে আঁকা ‘আইরিস’ চিত্রকর্মটি শ্লুমবার্জার সংগ্রহের অংশ ছিল। নিলামের আগে ছবিটির সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছিল ২ কোটি ২০ লাখ থেকে ৩ কোটি ইউরো। তবে শেষ পর্যন্ত প্রত্যাশা ছাড়িয়ে ৫ কোটি ইউরোতে বিক্রি হয় এটি।
এর আগে ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড ছিল ইতালীয় চিত্রশিল্পী আমেদেও মোদিগ্লিয়ানির ‘হেড অব আ ক্যারিয়াটিড’ চিত্রকর্মের দখলে। ২০১০ সালে এটি ৪ কোটি ৩২ লাখ ইউরোতে বিক্রি হয়েছিল। মোনের ‘আইরিস’ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে।
মন্তব্য করুন