শেরপুরে অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর পাওনা টাকা ফেরত পেতে থানায় ভিড় করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রমজান আলী অধিক লাভের প্রলোভন দেখিয়ে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার পর প্রতিশ্রুত ব্যবসায়িক সুবিধা বা পাওনা টাকা বুঝিয়ে না দিয়ে তিনি কৌশলে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালিয়ে রমজান আলীকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে টাকা পাওয়ার দাবি নিয়ে একে একে থানায় আসতে শুরু করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের কয়েকজন জানান, তাঁরা নিজেদের সঞ্চয় ও ব্যবসার পুঁজি হিসেবে রমজান আলীকে টাকা দিয়েছিলেন। সেই টাকা ফেরত না পেলে তাঁদের অনেকেই আর্থিকভাবে চরম সংকটে পড়বেন। কেউ কেউ নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর কাছে টাকা পাওয়ার দাবি নিয়ে অনেকেই থানায় আসছেন।এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন