শিক্ষকতা কিংবা অন্য পেশায় নিয়োজিত থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। অন্য পেশার সঙ্গে যুক্ত থেকে একই সময়ে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকরা সরকারের বেতনভুক্ত হওয়ায় তাঁদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকতার পরিচয় শুধু পদবি বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য সাংবাদিকদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা অনুসরণ করতে হবে।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকেই সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত কিংবা ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সংবাদ সংগ্রহ ও প্রকাশের সময় তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখাও জরুরি। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও নিশ্চিত করতে হবে।
সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়বে। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
মন্তব্য করুন