নওগাঁর মান্দায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালের নেতৃত্বে বিশেষ কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু এবং বসতবাড়ির একটি গর্তে লুকিয়ে রাখা চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা ডাবল-ব্লেড টমাহক নামের আরেকটি অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে নওগাঁ জেলা পুলিশ বদ্ধপরিকর।
মন্তব্য করুন