সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ের একটি বৈদ্যুতিক বোর্ডে আগুন লাগে। এতে বৈদ্যুতিক বোর্ড, মিটার ও কিছু সরঞ্জাম পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
ইউএনও সাবরিনা শারমিন জানান, তাঁর কক্ষের বিপরীত পাশে থাকা একটি বৈদ্যুতিক বোর্ডে আগুন লাগে। বোর্ডটির ভেতরে পাখি খড়কুটো দিয়ে বাসা তৈরি করেছিল। এ ছাড়া সেখানে বৈদ্যুতিক তারগুলোও এলোমেলো অবস্থায় ছিল।
তিনি বলেন, আগুন লাগার পরপরই কার্যালয়ের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভান। কার্যালয়ে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শাহজাদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পারভেজ আহমেদ বলেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে দেখতে পান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কার্যালয় বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন