শেরপুরের নকলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে নকলা পৌর শহরের কলাপাড়া চেরুর বাজারে নকলা থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুকনুজ্জামান রনির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রহমত আলী। এতে প্রধান অতিথি ছিলেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার হোসেন শাহাদাত এবং সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান।
সভায় মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমন এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাইবার অপরাধ, গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা প্রয়োজন। অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন ভূমিকা পালনের পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, শিক্ষক লুৎফর রহমান উজ্জ্বল, যুবদল নেতা মেহেদী হাসান মিন্টু, শ্রমিক নেতা মো. সাব্বির মন্ডল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়ারুল ইসলাম, প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, কল্যাণ ও তহবিল সম্পাদক মাহদী হাসানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন