‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যে শেরপুরে নারী সম্মেলন করেছে হেযবুত তওহীদের নারী বিভাগ। শনিবার (২৪ অক্টোবর) সকালে আয়োজিত এ সম্মেলনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও সদস্যরা অংশ নেন।
সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের নারী বিভাগের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক সামিয়া আক্তার ডলি।
এ সময় বক্তব্য দেন শেরপুর জেলা নারী সম্পাদক নুসরাত জাহান শারমিন, জেলা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নুসরাত জাহান ইতি, শেরপুর পৌরসভার সহকারী নারী সম্পাদক কোয়াশা কবির দিতি, শেরপুর পূর্বাঞ্চলের নারী সম্পাদক লায়লা পারভীন লাকি এবং শেরপুর পশ্চিমাঞ্চলের নারী সম্পাদক মোর্শেদা আক্তারসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা হেযবুত তওহীদের সদস্য পিয়ালী আক্তার পারুল।
বক্তারা বলেন, নারীদের প্রচলিত জড়তা, অন্ধত্ব ও সংকীর্ণতা কাটিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ জন্য নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সাহসী পদক্ষেপ গ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি বলেও উল্লেখ করেন বক্তারা।
সম্মেলনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনটির নারী বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের সামর্থ্য, শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
বক্তারা সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে নারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন