Advertisement
মঙ্গলবার, 10 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

শেরপুরে আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

গত সোমবার (৯ নভেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাঁকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

অভিযোগ রয়েছে, এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন নিজের পদ-পদবির প্রভাব খাটিয়ে তাঁকে থানা থেকে ছাড়িয়ে নেন। এমন কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন গোলাপ হোসেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনিনি কিংবা এ বিষয়ে কোনো তদবিরও করিনি। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে জমা দেব।’

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দও একই কথা জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেয়। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল।পরে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তাঁর নাম-ঠিকানার মিল না পাওয়ায় যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 48 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 104 টি

মন্তব্য করুন