Advertisement
সোমবার, 09 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুতি মহড়া

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুতি মহড়া
News Banner

আগুন লাগলে কী করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে কিংবা ভূমিকম্পে ভবনে আটকে পড়া মানুষকে কীভাবে উদ্ধার করতে হবে—এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছে শেরপুরের শিক্ষার্থীরা। অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে কিশোর-কিশোরী ও তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি মহড়া।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ছনকান্দা ডা. মো. তোজ্জাম্মল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশন, শেরপুর রেড ক্রিসেন্ট যুব ইউনিট এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের ফায়ার সার্ভিসের জরুরি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশনের স্টেশন অফিসার মো. জামিল আহমেদ জরুরি পরিস্থিতিতে কীভাবে ফায়ার সার্ভিসের সহায়তা নিতে হবে, তা তুলে ধরেন। পাশাপাশি জরুরি সেবার নম্বরটি নিজেরা মনে রাখার পাশাপাশি অন্তত পাঁচজনকে জানানোর অঙ্গীকার করে শিক্ষার্থীরা।

পরে অনুষ্ঠিত প্রস্তুতি মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণ, আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক পদ্ধতি এবং ভেজা চটের বস্তা ও কম্বল ব্যবহার করে আগুন নেভানোর কৌশল দেখানো হয়।

এ ছাড়া ভূমিকম্পের সময় ভবনের দোতলা ও তিনতলায় আটকে পড়া নারী, পুরুষ ও শিশুদের উদ্ধারের পদ্ধতি এবং উদ্ধার-পরবর্তী প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে কীভাবে সতর্ক থাকতে হবে এবং বিপদগ্রস্ত মানুষের সহায়তায় কী করণীয়, সে বিষয়েও অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা পান।

জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশনের স্টেশন অফিসার মো. জামিল আহমেদ, শেরপুর রেড ক্রিসেন্ট যুব ইউনিটের ডেপুটি লিডার প্লাবন, ট্রেনিং লিডার মনি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন।

এ সময় ছনকান্দা ডা. মো. তোজ্জাম্মল হোসেন উচ্চ বিদ্যালয় ও পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ আশপাশের এলাকার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 170 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 148 টি

মন্তব্য করুন