জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় প্রথমমান ও অনন্যমান অর্জনকারী শেরপুরের সাত শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) রাতে শহরের আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সঞ্চিতা হোড় দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।
সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও খেলাঘর সংগঠক ইমাম হোসেন ঠান্ডু, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপম বসাক তিলক, নন্দন সংগীত নিকেতনের পরিচালক দেবাশীষ মিলন এবং শিল্পী আফসানা জাহান আপন প্রমুখ।
সংবর্ধনা পাওয়া সাত শিল্পী হলেন—২০২৬ সালে প্রথমমান অর্জনকারী আঞ্জুমান আরা মেঘলা, ২০২৪ সালে প্রথমমান অর্জনকারী স্বপ্নীল হোড়, আফসানা জাহান আপন ও তাসনোভা তাবাসসুম প্রতীতি, ২০২২ ও ২০১৯ সালে প্রথমমান অর্জনকারী মাহজাবীন মুবাশশীরা মাইশা, ২০১৯ সালে প্রথমমান অর্জনকারী অনুপম বসাক তিলক এবং ২০১৯ সালে অনন্যমান ও ২০১১ সালে প্রথমমান অর্জনকারী তাহমিদ ওয়াসীফ ঋভু।
এ ছাড়া ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’প্রাপ্ত জেলার বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়াকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়। সংবর্ধনা শেষে সংগঠনের শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নৃত্য পরিবেশন করেন।
মন্তব্য করুন