জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা পেয়েছেন শেরপুরের গ্রাম পুলিশ সদস্য মো. মজনু মিয়া ওরফে কাজল। দেশের আটজন গ্রাম পুলিশ সদস্যকে দেওয়া সম্মাননা ও অর্থ পুরস্কারের মধ্যে রয়েছে তাঁর নাম।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মাননাপ্রাপ্ত সদস্যদের হাতে সম্মাননা ও অর্থ তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মজনু মিয়া।
মজনু মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রয়াত বিল্লাল হোসেন দফাদারের ছেলে। বাবার মৃত্যুর পর নিজ যোগ্যতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছেন তিনি।
জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জন করায় রোববার (৮ নভেম্বর) দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তাঁকে সংবর্ধনা দেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে আয়োজিত এ সংবর্ধনায় তাঁকে উপহারসামগ্রী দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর এ অর্জনকে শেরপুরের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘মজনু মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেয়েছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাঁর এই অর্জন শুধু চরশেরপুর ইউনিয়নের নয়, পুরো শেরপুর জেলার জন্য গৌরবের।’
মজনু মিয়া ওরফে কাজল বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। এলাকার মানুষকে সঠিকভাবে সেবা দিতে আরও বেশি কাজ করতে হবে। এ জন্য সবার কাছে দোয়া চাই।’
মন্তব্য করুন