দীপাবলি উৎসবকে কেন্দ্র করে শেরপুরের গারো পাহাড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আদিবাসী কোচ নারীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট। খেলায় রাংটিয়া নারী ফুটবল একাদশ ৩-২ গোলে নওকুঁচি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুঁচি বুড়িবাড়ি মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য গোলাপ হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজিত খেলায় নওকুঁচি, রাংটিয়া ও শালচূড়া গ্রামের কোচ নারীদের তিনটি দল অংশ নেয়।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, লটারিতে রাংটিয়া ও শালচূড়া একাদশের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়ে ফাইনালে ওঠে রাংটিয়া একাদশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল লটারিতে সরাসরি ফাইনালে ওঠা নওকুঁচি একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে জয় পায় রাংটিয়া।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
এ সময় ইউপি সদস্য গোলাপ হোসেন, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি দুলাল মণ্ডল, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং, কোচ নেতা ও শিক্ষক যুগল কিশোর কোচ, রুবেল আহাম্মেদ ও হাসার আরমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। কোচ নারীদের ফুটবল খেলার নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের আনন্দ দেয়।
স্থানীয়রা মনে করছেন, আদিবাসী কোচ নারীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাই আগামী দিনেও নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা।
মন্তব্য করুন