Advertisement
মঙ্গলবার, 10 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে তরুণীর বাড়িতে যুবক, দুইজনের বিরুদ্ধে মামলা

শেরপুরে তরুণীর বাড়িতে যুবক, দুইজনের বিরুদ্ধে মামলা
News Banner

ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারে কথোপকথন। সেই সূত্র ধরে রাতে এক কলেজপড়ুয়া তরুণীর বাড়িতে যান এক যুবক। পরে তাঁদের একটি ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার তিন দিন পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ওই তরুণী। পরে তাঁর মা বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলায় স্থানীয় দুই ব্যক্তিকে আসামি এবং ওই যুবককে সাক্ষী করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার প্রধান আসামি মো. মুক্তার হোসেন এবং দ্বিতীয় আসামি মো. লালমিয়া। মামলার সাক্ষী করা হয়েছে যুবক মো. মনির হোসেনকে।তিনি একই গ্রামের জফিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে ওই তরুণীর সঙ্গে মনিরের পরিচয় হয়। পরে মেসেঞ্জারে তাঁদের মধ্যে কথাবার্তা শুরু হয়। এর সূত্র ধরে ঘটনার রাতে মনির ওই তরুণীর বাড়িতে যান। এ সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে লালমিয়া ও মুক্তার সেখানে যান। পরে তাঁদের একটি ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দা লালমিয়ার দাবি, ঘটনার রাতে ওই বাড়ির থেকে দুজনের কথোপকথনের শব্দ শুনতে পান তিনি। পরে মুক্তার হোসেনকে ডেকে নিয়ে সেখানে যান। একপর্যায়ে বাড়িতে তরুণী ও মনিরকে দেখতে পান তাঁরা। পরে দুজনকে ঘরের ভেতরে আটকে রাখা হয়। স্থানীয় লোকজনকে ডাকতে বাইরে গেলে মনির সেখান থেকে চলে যান বলে দাবি করেন তিনি।

তবে তরুণীর অভিযোগ, তিনি ও মনির বাড়িতে কথা বলার সময় লালমিয়া ও মুক্তার সেখানে প্রবেশ করেন। পরে তাঁদের একটি ঘরে আটকে দরজা বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয় এবং তাঁর মুখ চেপে ধরা হয়। তাঁর ডাকাডাকিতে আশপাশের লোকজন এগিয়ে আসেন বলে জানান ওই তরুণী।

ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় বিএনপি নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক হয়। তবে তরুণীর পরিবার বৈঠকের সিদ্ধান্তে সম্মত না হওয়ায় কোনো সমাধান হয়নি।

ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সালিশ বৈঠক হয়েছিল। তবে তরুণীর পরিবার সিদ্ধান্ত মেনে নিতে রাজি না হওয়ায় বিষয়টির মীমাংসা হয়নি।

তরুণীর বাবা বলেন, তাঁর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় লালমিয়া ও মুক্তারের বিরুদ্ধে তাঁদের অভিযোগ রয়েছে। তাঁরা এ ঘটনার বিচার চান। তবে মনিরের বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই।

অন্যদিকে মনির হোসেন বলেন, একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ওই তরুণী তাঁর চাচাতো বোন। তরুণী তাঁকে বাড়ির সামনে গিয়ে নিজের পরিচয় দিতে বললে তিনি সেখানে যান। পরে তরুণীর বড় ভাই মমিনকে ডাকা হয়। তাঁদের মধ্যে কথা বলার সময় লালমিয়া ও মুক্তার সেখানে গিয়ে তাঁদের ঘরে আটকে রাখেন বলে অভিযোগ করেন তিনি।

মনিরের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি অপরাধী হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগ অস্বীকার করে মুক্তার হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে লালমিয়া তাঁকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা ওই বাড়িতে গিয়ে তরুণী ও মনিরকে দেখতে পান। তাঁদের দুজনকে হাতেনাতে ধরার পর তাঁরা ক্ষমা চান। পরে বিষয়টি তরুণীর পরিবারকে জানানো হয়। তাঁর দাবি, তরুণীর পরিবারের লোকজনই পরে মনিরকে সেখান থেকে ছেড়ে দেন।

মুক্তার আরও দাবি করেন, তরুণীর পরিবারের কাছে তাঁর দুই লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পাওয়াকে কেন্দ্র করে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

লালমিয়াও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পাশের বাড়ি দিয়ে যাওয়ার সময় তরুণীর ফোনে কথা বলার শব্দ শুনতে পান। পরে একটি ছেলেকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে মুক্তারকে ডেকে আনেন। কিছুক্ষণ অপেক্ষার পর তাঁরা বাড়ির ভেতরে গিয়ে ওই যুবককে দেখতে পান। তাঁদের দুজনকে হাতেনাতে ধরেছিলেন দাবি করে লালমিয়া বলেন, এ কারণে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঘটনার তিন দিন পর অসুস্থতার কারণে ওই তরুণীকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মা সূর্য্য ভানু বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় মুক্তার হোসেনকে প্রধান আসামি, লালমিয়াকে দ্বিতীয় আসামি এবং মনির হোসেনকে সাক্ষী করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 119 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 149 টি

মন্তব্য করুন