Advertisement
মঙ্গলবার, 10 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে ঘৃতপ্রদীপ জ্বালিয়ে রাখের উপবাস পালন

শেরপুরে ঘৃতপ্রদীপ জ্বালিয়ে রাখের উপবাস পালন
News Banner

কারও কাছে কার্তিক ব্রত, কারও কাছে রাখের উপবাস, আবার কারও কাছে গোসাইর উপবাস। রোগবালাই ও বিপদ-আপদ থেকে মুক্তি এবং আপনজনের মঙ্গল কামনায় শেরপুরে পালিত হয়েছে ‘রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন’ উৎসব।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর শহরের মুন্সিবাজার এলাকার শ্রীশ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে জড়ো হন কয়েক শ হিন্দু ধর্মাবলম্বী ও লোকনাথ ভক্ত। এ সময় হাজারো ঘিয়ের প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভক্তদের প্রার্থনা, ধূপ-ধুনার সুবাস আর নারীদের উলুধ্বনিতে সৃষ্টি হয় এক ভক্তিময় পরিবেশ।

আয়োজক ও ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীরা কার্তিক মাসের ১৫ তারিখের পর মাসের বাকি সময়ে প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত পালন করেন। এর অংশ হিসেবে দিনভর উপবাস শেষে সন্ধ্যায় প্রদীপ, ধূপ, ফল ও ফুল নিয়ে আরাধনায় বসেন ভক্তরা।

ব্রত পালনে অংশ নেওয়া ভক্তরা জানান, উপবাসের আগের দিন থেকেই সংযম পালন করতে হয়। নির্ধারিত দিনে উপবাস থেকে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে লোকনাথ ব্রহ্মচারীর আরাধনায় বসতে হয়। এ সময় কথা বলা থেকে বিরত থেকে একাগ্রচিত্তে প্রার্থনা করেন তাঁরা। প্রদীপের আলো নিভে যাওয়ার আগে তা পাশের পুকুরে বাবা লোকনাথের নামে বিসর্জন দেওয়া হয়।

লোকনাথ জিউর মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি যাদব ঘোষ বলেন, বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি এবং স্বজনদের মঙ্গল কামনায় কার্তিক মাসে উপবাস ও ঘিয়ের প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে। বাবা লোকনাথের নির্দেশনা অনুসরণ করেই প্রতিবছর এ আয়োজন করা হয়।

তিনি জানান, শেরপুরে লোকনাথ মন্দির প্রতিষ্ঠার আগ থেকেই এ পূজা-অর্চনা হয়ে আসছে। তবে ১৯৮৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবছর ‘রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন’ উৎসব পালিত হচ্ছে। এতে প্রতিবছরই লোকনাথ ভক্তদের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ।

শ্রীশ্রী রঘুনাথ জিউর মন্দির কমিটির সভাপতি শঙ্কর প্রসাদ সাহা বলেন, প্রতিবছরের মতো এবারও ঘৃতপ্রদীপ প্রজ্বালনের আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এবার ভক্তদের উপস্থিতি বেশি ছিল। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার বলেন, উপবাস শেষে ভক্তরা সুশৃঙ্খলভাবে ঘৃতপ্রদীপ প্রজ্বালন ও প্রার্থনায় অংশ নেন। বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজন রাত ৮টা পর্যন্ত চলে।

এ সময় জেলা পূজা উদযাপন ফ্রন্টের সহসভাপতি প্রদীপ রঞ্জন দে, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দে, যুগ্ম সম্পাদক কৃষ্ণ চক্রবর্তীসহ শিশু, নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী ভক্তরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 59 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 106 টি

মন্তব্য করুন