শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার পৌর শহরের উত্তর বাজার ও মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. আবু ছোফিয়ান তরকদারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
অভিযানে উত্তর বাজার এলাকার বাসিন্দা সাদা মিয়ার ছেলে হানিফ মিয়াকে (১৯) তাঁর নিজ বাসা থেকে ৮০টি ইয়াবাসহ আটক করা হয়। এ ছাড়া মধ্যবাজার এলাকা থেকে শেরপুর পৌরসভার দমদমা কালিগঞ্জ এলাকার লাল মিয়ার ছেলে আব্দুল জলিল (৩৫), শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া চেঙ্গুতার গ্রামের আজহার আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪০) এবং শ্রীবরদী পৌরসভার ফাকুয়া এলাকার হরিজন সম্প্রদায়ের শ্রী সাগর হরিজনকে (৪৩) আটক করা হয়। তাঁদের কাছ থেকেও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আব্দুল জলিল, দেলোয়ার হোসেন ও শ্রী সাগর হরিজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ টাকা করে অর্থদণ্ড দেন।
অন্যদিকে, হানিফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।
মন্তব্য করুন