শেরপুরে ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির নিচে চাপা পড়ে আবিদ হাসান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শহরের নবীনগর এলাকায় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিদ হাসান সদর উপজেলার সাপমারী এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে শহরের নবীনগর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল আবিদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর জামে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শহরের দিক থেকে আসা ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির ডংলা (ইট বহনের অংশ) আকস্মিকভাবে ভেঙে রাস্তায় উল্টে পড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলির নিচে চাপা পড়ে আবিদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন