নির্মাণ খাতে কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও ঝুঁকি কমানো এবং নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘Implementation of Strategic Compliance Planning (SCP) Piloting in Construction Sector: Overcome Challenges Together, Shifting Reality to Expectation’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষসহ নির্মাণ খাতের বিভিন্ন অংশীজন সেমিনারে অংশ নেন।
সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) লেবার ইন্সপেকশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন এবং টেকনিক্যাল অফিসার ওলে রোজেনবর্গ জাস্টেসেন।
সেমিনারে নির্মাণ খাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৌশলগত কমপ্লায়েন্স পরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, নির্মাণ খাতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মক্ষেত্রে ঝুঁকি শনাক্তকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সরকারি দপ্তর, নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন