দৈনিক যুগান্তরের বৃদ্ধ দম্পতিকে নিয়ে সংবাদ প্রকাশের পর এবার সংরক্ষিত নারী আসনের সংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা হাসপাতালে ভর্তি ওই দম্পতিকে দেখতে যান এবং অসুস্থ বৃদ্ধার জন্য একটি হুইল চেয়ার উপহার দেন। একই সাথে তিনি বৃদ্ধ দম্পতির জন্য নতুন ঘর নির্মাণসহ খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি (১৪ সেপ্টেম্বর) সোমবার রাতে শেরপুর শহরের আবেদিন হাসপাতালে ভর্তি বৃদ্ধ দম্পতি সাজু শেখ ও নুরজাহানকে দেখতে গিয়ে এই আশ্বাস দেন।
উল্লেখ্য, দৈনিক যুগান্তরে ১৩ সেপ্টেম্বর “ভালোবাসার কাছে হার মানল দারিদ্রতা” শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয় জেলা সর্বত্র এবং ফেসবুক প্ল্যাটফর্মে। নানা ধরনের মন্তব্য এবং ওই হতদরিদ্র বৃদ্ধ দম্পতির সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশ-বিদেশ থেকে নানা জনে।
এ বিষয়ে ডাঃ সানসালা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, দৈনিক যুগান্তরে খবর প্রকাশের পর বিষয়টি আমার দৃষ্টি গোচর হলে গতরাতেই আমার প্রতিনিধি হিসেবে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আমার পিতা মোঃ হযরত আলী ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে খাবার ও নগদ টাকা দিয়ে আসেন।
এদিকে সোমবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ওই দম্পতির চিকিৎসার দায়িত্ব নিয়ে শহরের আবেদন হাসপাতালে ভর্তি করেন। এছাড়া তিনি সোমবার রাতে হাসপাতালে অসুস্থ বৃদ্ধার চিকিৎসার খোঁজ খবর নেন জেলা প্রশাসক।
মন্তব্য করুন