জনসাধারণের নানা সমস্যা ও দুর্ভোগের কথা সরাসরি শুনে প্রয়োজনীয় সহায়তা ও সমাধানের উদ্যোগ নিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। জেলা প্রশাসকের গণশুনানিতে ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব ও আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কথা শোনা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেন।
গণশুনানিতে মোট ১৫৭ জন সেবাপ্রার্থীকে সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে অসহায় ও প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি কয়েকজনকে ওষুধ কিনে দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন সমস্যা সমাধানে সেবাপ্রার্থীদের সিভিল সার্জনের কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দিয়ে পাঠানো হয়।
জেলা প্রশাসনের এ ধরনের গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের কাছে তাদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে সমস্যা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ ও সরকারি সেবা পাওয়ার পথও তৈরি হচ্ছে।
মন্তব্য করুন