ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী শেরপুর জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, শেরপুরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, ইটভাটা মালিক, অংশীজন ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
সভায় জেলার ইটভাটাগুলোর আইনানুগ কার্যক্রম পরিচালনা, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ইটভাটা মালিক ও অংশীজনদের সঙ্গে আইন মেনে ইটভাটা পরিচালনার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন