মাদককে ‘না’ এবং খেলাধুলাকে ‘হ্যাঁ’ বলার বার্তা নিয়ে শেরপুরে অনুষ্ঠিত মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এ আয়োজন করে।
প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। শেষ পর্যন্ত জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির খেলোয়াড়দের একমাত্র গোলে ম্যাচের ফল নির্ধারিত হয়। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জামালপুর। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি হয় রানার্সআপ।
খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাইনউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বাড়ানো সম্ভব।
পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন