জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে ঝিনাইগাতী উপজেলাকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শেরপুর পৌরসভা ফুটবল দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনালের শুরু থেকেই শেরপুর পৌরসভা ও ঝিনাইগাতী উপজেলা দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময়ে দুই দলের কেউই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
স্নায়ুচাপের টাইব্রেকারে ঝিনাইগাতী উপজেলাকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে শেরপুর পৌরসভা।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দেন।
ম্যাচ শেষে অতিথিরা সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন দর্শকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। এ ধরনের আয়োজন শেরপুরের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করবে বলে প্রত্যাশা তাঁদের।
মন্তব্য করুন