চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন। একাধিক মাদক মামলায় জড়ানোর পর জামিনে বেরিয়ে ফের একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগের পর তাদের আইনি ব্যবস্থার পাশাপাশি নৈতিকভাবে পরিবর্তনের উদ্যোগ নেন তিনি।
জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও হয়েছে। আইনি প্রক্রিয়ার পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়তেন বলে স্থানীয়দের অভিযোগ।
এ অবস্থায় কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম ভিন্নধর্মী উদ্যোগ নেন। স্থানীয় সচেতন ব্যক্তিদের সহযোগিতায় ওই দুজনকে থানায় ডেকে এনে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা থানায় ফিরে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নিজেদের ভুল স্বীকার করে মাদক ব্যবসা ও সেবন থেকে দূরে থাকার পাশাপাশি নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, প্রতি মাসে অন্তত তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা এবং ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবন থেকে সম্পূর্ণ বিরত থাকার প্রতিশ্রুতি দেন।
ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল করা সম্ভব নয়। তাদের নৈতিকভাবেও পরিবর্তন করতে হবে। সত্যিকারের ভালো মানুষ হয়ে তারা সমাজে ফিরে আসুক—এটাই আমাদের লক্ষ্য।’
কচুয়া থানার ওসির এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি সংশোধনের সুযোগ দেওয়ার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন