চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ আসবাবপত্র, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মধ্যেও প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়ার পরিবার।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে হঠাৎ মো. জালাল জমদ্দারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাঁচটি বসতঘর ও পাঁচটি রান্নাঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। একই সঙ্গে আসবাবপত্র, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার বলেন, ‘হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, স্বর্ণালংকারসহ ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া এখন আমাদের আর কিছুই নেই। খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোনো উপায় নেই।’
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে দুইজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।
মন্তব্য করুন