‘ভাবের সুরে ও গানে জাগুক মানবতার বোধ’—এই প্রতিপাদ্যে গান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন বিশ্বসংঘের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সাধক বাউলশিল্পী তারা মিয়া বাউল উৎসবের উদ্বোধন করেন।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক তপন সারোয়ার এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদসহ অনেকে।
আলোচনায় বক্তারা কবীর ও লালনের দর্শন, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ ও ভাবসংগীতের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের মতে, কবীর ও লালনের দর্শনের মূলকথা মানুষের মধ্যে বিভেদ নয়, বরং মানবিকতা, সম্প্রীতি ও আত্ম-অন্বেষণের চেতনা জাগিয়ে তোলা।
আলোচনা পর্ব শেষে ঢাকা থেকে আগত কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা কবীর ও লালনের বিভিন্ন ভাবসংগীত পরিবেশন করেন। গানের সুরে উঠে আসে মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বার্তা। শিল্পীদের পরিবেশনায় উৎসবস্থলে সৃষ্টি হয় এক আবেগঘন সাংস্কৃতিক আবহ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
আয়োজক লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী আবদেল মাননান বলেন, ‘কবীর ও লালনের ভাবধারায় মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি ও আত্ম-অন্বেষণের যে দর্শন রয়েছে, তা গান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ উৎসবের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায় ও ভাবধারার শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি জানান, ময়মনসিংহ বিভাগের এ উৎসবটি শেরপুরে আয়োজন করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মাঠে কবীর-লালনের সুর ও দর্শনে ভাবসংগীতের মহোৎসবের উদ্বোধন করা হয়।
দেশের আটটি বিভাগে আটটি অনুষ্ঠান আয়োজনের ধারাবাহিকতায় ইতোমধ্যে বরিশাল ও খুলনায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে এবার ময়মনসিংহ বিভাগের আয়োজন করা হয় শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে।
মন্তব্য করুন