ভোট চাইতে গিয়ে এক মায়ের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজ। বাড়িতে গিয়ে ভোট চাওয়ার পর তাঁকে খালি মুখে ফিরতে দিতে রাজি হননি গৃহিণী বিলকিছ বেগম। নিজের হাতে রান্না করা খাবার খাইয়ে তবেই বিদায় দিলেন তিনি। মায়ের এমন আন্তরিকতায় আবেগাপ্লুত হন এই প্রার্থী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শেরপুর সদর উপজেলার ১১ নম্বর বলাইচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যের চরে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর থেকেই বলাইচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জামালপুরের বিএম কলেজের অধ্যক্ষ ও ১১ নম্বর বলায়েরচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছিলেন তিনি। শুনছিলেন তাঁদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা। একপর্যায়ে পৌঁছান গৃহিণী বিলকিছ বেগমের বাড়িতে।
সোহেল তাজকে দেখে আন্তরিকভাবে আপ্যায়নের উদ্যোগ নেন বিলকিছ বেগম। নিজের হাতে রান্না করা খাবার খাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বাড়িতে আসছেন, খালি মুখে চলে যাবেন, এটা হয় না। আমি রান্না করছি, খেয়ে যাবেন। আপনি না খেয়ে গেলে ভোট দিব না।’
বিলকিছ বেগমের এমন আন্তরিক আবদারে সাড়া দিয়ে তাঁর বাড়িতে বসেই খাবার খান চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজ। নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যে একজন সাধারণ ভোটারের কাছ থেকে পাওয়া এমন ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ হন তিনি।
বিলকিছ বেগমের বাড়িতে পাওয়া ভালোবাসার অনুভূতি প্রকাশ করে চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজ বলেন, ‘নির্বাচনী প্রচারণায় মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, তাঁদের সঙ্গে কথা বলছি, সুখ-দুঃখের কথা শুনছি। আজ মধ্যের চরে বিলকিছ বেগমের বাড়িতে গিয়ে তাঁর যে আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি, তা আমার জন্য বিশেষ অনুভূতির। তিনি যেভাবে আপন করে নিয়ে নিজের হাতে রান্না করা খাবার খাইয়েছেন, তা কখনো ভুলব না।’
তিনি আরও বলেন, ‘মানুষের এই ভালোবাসাই আমার পথচলার অনুপ্রেরণা। আমি চাই, সব সময় মানুষের পাশে থাকতে এবং তাঁদের প্রত্যাশা পূরণে কাজ করতে।’
সকাল ১০টা পর্যন্ত বলাইচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর পর দাপ্তরিক কাজের উদ্দেশ্যে রওনা হন সোহেল তাজ।
নির্বাচনী প্রচারণায় ভোট চাওয়ার পাশাপাশি একজন মায়ের এমন অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক আতিথেয়তা সোহেল তাজের কাছে হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।
মন্তব্য করুন