দীর্ঘদিন জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পর আবারও দলটির রাজনীতিতে সক্রিয় হয়েছেন শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইলিয়াস উদ্দিন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনায় তাকে ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।
গত ৩ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত ১৭ সদস্যের জামালপুর-শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সমন্বয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জামালপুরের সরিষাবাড়ী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়াদ্দারকে। সদস্যসচিব করা হয়েছে জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও শিল্পপতি মো. জাকির হোসেনকে।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইলিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে সাম্প্রতিক সময়ে তিনি দলীয় কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে ছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি আবারও সক্রিয়ভাবে জাপার রাজনীতিতে ফিরলেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক ইলিয়াস উদ্দিন বলেন, ‘জাতীয় পার্টি সাধারণ মানুষের দল। পল্লীবন্ধু এরশাদকে ভালোবাসি বলেই দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। দলের হাইকমান্ড আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা কাজ করব। সব ভেদাভেদ ভুলে জামালপুর ও শেরপুর জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করে যাব।’
নতুন কমিটির মাধ্যমে জামালপুর ও শেরপুরে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
মন্তব্য করুন