সন্তান নেই। নিজের কোনো জমিও নেই। অন্যের জমিতে বসবাস করে কষ্টে দিন কাটছে ফজির উদ্দিন ও তাঁর স্ত্রীর। অসহায় এই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়িয়েছে অসহায় কল্যাণ ফাউন্ডেশন শেরপুর।
গত ৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে শেরপুর সদর উপজেলার ১২ নম্বর কামারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছয়ঘড়িয়া গ্রামে গিয়ে দম্পতির হাতে এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সব মিলিয়ে তাঁদের দেওয়া হয়েছে ১০ হাজার টাকার সহায়তা।
সহায়তার মধ্যে ৬ হাজার ১৯০ টাকার বাজারসামগ্রী, ২ হাজার ৭৫০ টাকার ওষুধ এবং ১ হাজার ৬০ টাকা নগদ অর্থ রয়েছে। খাদ্য, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হয়।
ফজির উদ্দিন ও তাঁর স্ত্রী নিঃসন্তান। নিজেদের কোনো জমি না থাকায় অন্যের জমিতে বসবাস করছেন তাঁরা। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যেই তাঁদের সংসার চলছে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত ফজির উদ্দিন বলেন, ‘আমাদের দেখার মতো কেউ নেই। অভাবের সংসারে বাজার করা ও ওষুধ কেনাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফাউন্ডেশনের মানুষজন এসে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা খুবই খুশি। তাঁদের জন্য দোয়া করি।’
দম্পতির অসহায়ত্বের খবর পেয়ে তাঁদের বাড়িতে পৌঁছে যান ফাউন্ডেশনের সদস্যরা। তাঁরা প্রয়োজনীয় বাজারসামগ্রী ও ওষুধ তুলে দেওয়ার পাশাপাশি নগদ অর্থও দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান আলম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সাইদুর রহমান, আইসিটি সম্পাদক সুমন রানা ও কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল। এছাড়া স্থানীয় ইউপি সদস্য করিম ও কনটেন্ট ক্রিয়েটর ফাল্গুনী জান্নাত উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান আলম বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম লক্ষ্য। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে এমন আরও অনেক অসহায় পরিবারের কষ্ট লাঘব করা সম্ভব।’
মন্তব্য করুন