শিশু-কিশোরদের ক্রীড়ায় আগ্রহী করে তোলা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুসরণ করে শেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ সফলভাবে আয়োজন ও বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।
আয়োজকদের মতে, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি সুস্থ, সক্ষম ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার পথ তৈরি হবে।
মন্তব্য করুন