চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে আগুন দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আগুন জ্বালানোর পরপরই ঘটনাস্থল থেকে সরে যায় দুর্বৃত্তরা। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ বলেন, ‘জুলাইকে ধারণ করেই আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিবাদের দোসররা আগুন দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের আহ্বান, দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।ছাত্রদলের পক্ষ থেকেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সহযোগিতা করা হবে।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন