শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। সরিষা একটি সম্ভাবনাময় তেলজাতীয় ফসল। এর আবাদ বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতেও ভূমিকা রাখবে। কৃষির উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান আহম্মেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নুর।
উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ৩ হাজার ৭৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন