ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের পর প্রায় আট মাস ধরে নিখোঁজ থাকা বাবাকে ফিরে পেয়েছেন ছেলে। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মো. শাহজাহান আলীকে (৭০) পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) শেরপুর জেলা কার্যালয়। শনিবার (১৪ নভেম্বর) প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে তাঁকে ছেলের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআই সূত্রে জানা গেছে, শাহজাহান আলীর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে। প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করে সন্ধান চাওয়া হয়। তবে দীর্ঘদিনেও তাঁর খোঁজ মেলেনি।
গত ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে যান স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
পরবর্তী সময়ে বৃদ্ধের ছবি ফেসবুকে প্রকাশ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। কিন্তু তাতেও সফলতা আসেনি। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকেন। অন্যদিকে, স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা তাঁর পরিবারের সন্ধানে চেষ্টা অব্যাহত রাখেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রবিউল ইসলাম রতনসহ সংগঠনটির কয়েকজন সদস্য শাহজাহান আলীকে পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সিস্টেমের (এফআইভিএস) মাধ্যমে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। প্রযুক্তির সহায়তায় শনাক্ত হয় তাঁর পরিচয়। জানা যায়, তাঁর নাম মো. শাহজাহান আলী, বাবার নাম মুনজিল শেখ এবং মায়ের নাম আজিরন খাতুন।
পরে পিবিআই সদস্যরা বিভিন্ন মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে শনিবার শাহজাহান আলীর ছেলে মো. জাবেদ ওরফে বাবুল এবং নাতজামাই মো. সুমন মিয়া পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তাঁর ছেলের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ আট মাস পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে জাবেদ। এ ঘটনায় তিনি পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে অসুস্থ রোগী ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাঁদের স্বজনদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করছেন। শাহজাহান আলীকে উদ্ধারের পর দীর্ঘদিন তাঁর পরিবারের সন্ধান না পেয়ে পিবিআইয়ের সহযোগিতা নেওয়া হয়।অবশেষে তাঁকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পিবিআই শেরপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি তাঁরা বিভিন্ন মানবিক বিষয়েও সহযোগিতা করে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির সহায়তায় প্রথমে অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাহজাহান আলীর পরিচয় শনাক্ত করা হয়। পরে তাঁর স্বজনদের খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন